খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিলাম : মীর স্নিগ্ধ।

image 142

বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে। তিনি উল্লেখ করেছেন, খালেদা জিয়ার আপোষহীন রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

রোববার বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উচ্ছ্বাস ও আবেগপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় মীর স্নিগ্ধকে। বিকেল ৪টায় শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে অংশ নেন তিনি। সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র-জনতা মিছিলসহ ও কয়েকশো মোটরসাইকেল বহরের সঙ্গে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে তাকে বরণ করে নেন।

ছাত্র-জনতা সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম।

প্রথম রাজনৈতিক বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, “পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্থান থেকে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। খুনি হাসিনা আমার ভাইসহ ২ হাজার ভাই-বোনকে হত্যা করেছে এবং ২০ হাজার জনকে আহত করেছে।”

তিনি আরও বলেন, “খুনি হাসিনার গুম-খুন ও জুলমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি। ছোটোবেলা থেকে আমি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ়তার সাক্ষী। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপিতে যোগ দিই।”

ভাইয়ের মৃত্যুর পর খুনি হাসিনার ব্ল্যাংক চেকের প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা হাসিনার সঙ্গে আপস করি নি। খুনি হাসিনার বিচার এ দেশে হবে।”

মীর স্নিগ্ধ আরও বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ-যুবক একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করবেন।”

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, “বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি। শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ার মাধ্যমে এ বারও তা প্রমাণ করেছেন।”

শহীদ মীর মুগ্ধ জুলাই যোদ্ধাদের পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হন। মৃত্যুর আগে তার ‘পানি লাগবে পানি’ ডাক কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

বগুড়ায় মীর স্নিগ্ধের এ প্রোগ্রামের বিস্তারিত তথ্য বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।