পদত্যাগের পর নির্বাচনের প্রস্তুতিতে উপদেষ্টা আসিফ

image 139

অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করে ঢাকায় থেকেই নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “যেহেতু ঢাকায় নির্বাচন করার বিষয়টি প্রায় নিশ্চিত, তাই এখানেই ভোটার হিসেবে নাম স্থানান্তরের কাজ করছি।”

রোববার (৯ নভেম্বর) কুমিল্লা-৩ আসনের পরিবর্তে ঢাকা-১০ আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন— এমন প্রশ্নে আসিফ বলেন, “এখনও নির্দিষ্টভাবে কিছু চূড়ান্ত হয়নি, তবে ইনশাআল্লাহ ঢাকাতেই নির্বাচন করবো। আপাতত পরিকল্পনা আছে স্বতন্ত্রভাবে লড়াই করার। দেখা যাক, পরিস্থিতি কোথায় গড়ায়। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। কে কোন আসন ফাঁকা রাখবে, সেটা আমার বিষয় নয়— আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।”

ভোটার এলাকা পরিবর্তনের প্রসঙ্গে তিনি আরও বলেন, “সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকায় থাকার ইচ্ছা রয়েছে। তাই যেখানে থাকবো, সেখানেই ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছি। নির্বাচনের জন্য কোথায় ভোটার তা বড় বিষয় নয়— দেশের একজন নাগরিক ও ভোটার হওয়াটাই গুরুত্বপূর্ণ। ঢাকায় ভোটার হচ্ছি যাতে নির্বাচনের সময় নিজের ভোটটি এখানেই দিতে পারি।”

পদত্যাগের সময়সূচি নিয়ে তিনি বলেন, “কবে পদত্যাগ করবো, তা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে। বিষয়টি চূড়ান্ত হলে দ্রুতই জানানো হবে।”