
নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। এ অনশন কর্মসূচি এখন ৫২২ ঘণ্টা অতিক্রম করলেও কমিশনের কিছু করার নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
রবিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “৫২২ ঘণ্টা হলেও আমাদের করার কিছু নেই।”
গত মঙ্গলবার চূড়ান্ত পর্যালোচনার পর তিনটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। শিগগিরই পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দাবি–আপত্তি গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর অভিযোগ নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।
তবে সে তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আম জনতার দল’। সিদ্ধান্ত ঘোষণার পরদিন বিকেলেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে অনশন শুরু করেন তিনি। এখনো চলমান এ অনশন কর্মসূচির সময় অতিক্রম করেছে ১২৩ ঘণ্টা।