তুরস্কের উত্তর-পশ্চিমে সুগন্ধি গুদামে অগ্নিকাণ্ড

image 134

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সুগন্ধি গুদামে শনিবার অগ্নিকাণ্ড ঘটে, এতে দুই কিশোরীসহ ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) আঙ্কারা থেকে এ তথ্য জানিয়েছে এএফপি। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আগুন লাগার পর গুদামের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

কোকায়েলি প্রদেশের গভর্নর ইলহামি আক্তাস জানান, ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে দিলোভাসিতে সকাল ৯টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলকর্মী ও জরুরি সেবার অন্যান্য সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। গভর্নর বলেন, “দুর্ভাগ্যবশত ছয়জনের প্রাণহানি হয়েছে। আহতদের মধ্যে একজন মারাত্মকভাবে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি।” তিনি আরও জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

কোকায়েলি মেয়র তাহির বুইয়ুকাকিন জানান, নিহতদের মধ্যে দুই কিশোরী (১৬ ও ১৭ বছর বয়স) রয়েছেন। তারা সেখানে কী কারণে উপস্থিত ছিলেন তা এখনো জানা যায়নি।

তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ তুঞ্চ জানিয়েছেন, গুদামের মালিক ও তার দুই জ্যেষ্ঠ কর্মীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক নিরাপত্তা ও শ্রম মন্ত্রণালয়ের সাতজন কর্মচারীকে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, “আমি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। বারান্দা থেকে দেখি, একজন সহকর্মীর শরীরে আগুন লেগেছে। আমি একটি পানির পাইপ নিয়ে আগুন নেভাই, কিন্তু এরপর দেখি পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। ভেতর থেকে কান্নার আওয়াজও শুনতে পাচ্ছিলাম।”