
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ (৯ নভেম্বর) এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি যৌক্তিকভাবে বিবেচনা করে সহানুভূতির সঙ্গে মেনে নেওয়া সরকারের দায়িত্ব। আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জলকামান ব্যবহারের ফলে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের প্রতি আরও সহনশীল আচরণ করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, যা শিক্ষার্থী, অভিভাবক ও সমগ্র জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে; এই সময়ে শিক্ষাব্যবস্থা অচল হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্রছাত্রীরা। শিক্ষার ক্ষতি যে কোনো জাতির জন্য অপূরণীয়— এ বিষয়টিও শিক্ষক সমাজকে বিবেচনায় নিতে হবে।”
মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সরকারকে কঠোর অবস্থান থেকে সরে এসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা যৌক্তিক দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আলোচনা মাধ্যমে সমাধান করার উদ্যোগ নিতে হবে। শিক্ষকদের আন্দোলন দ্রুত সমাপ্ত করে তাদের ক্লাসে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণে আমি সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।”