ডিউটি শেষে ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ সদস্য

image 116

কুমিল্লার বুড়িচং থানায় কর্মরত এক পুলিশ সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত পুলিশ সদস্যের নাম মো. আশরাফ (৪৩)। তিনি বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সিমরাইল গ্রামে। তিনি মৃত কামরুল ইসলামের ছেলে।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম প্রধান জানান, কনস্টেবল আশরাফ সারারাত দায়িত্ব পালন করেন। সকালে হঠাৎ অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, আশরাফের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ কুমিল্লা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হবে, সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।