
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এককভাবে নয়, বরং আরও কয়েকটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে অংশ নিতে চায়। তিনি জানান, সম্ভাব্য সহযোগী দলগুলোর সমন্বয় শেষে যথাসময়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধ অনুযায়ী ভিন্নমত থাকতেই পারে, তবে রাজনৈতিক দলগুলোর উচিত দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল আচরণ করা।”
তিনি আরও বলেন, “ভিন্ন মত প্রকাশ করা গণতন্ত্রের অংশ, তবে তা কখনোই সংঘাত বা দ্বন্দ্বে রূপ নেওয়া উচিত নয়।”
প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের অর্থনীতিতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে প্রবাসীদের জাতীয় সংসদ ও রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে প্রবাসীদের ভোটার তালিকা প্রক্রিয়ায় জটিলতা রয়েছে উল্লেখ করে ভোটার তালিকা হালনাগাদে আরও ১৫ দিন সময় বাড়ানোর আহ্বান জানান নির্বাচন কমিশনের প্রতি।
আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, বিএনপির এখনও ২৩৭টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়নি, অথচ জামায়াত এক বছর আগেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী একা নির্বাচন করবে না। দেশ ও জাতির স্বার্থে আরও অনেককে আমরা সঙ্গে নেব। পরিস্থিতি বিবেচনায় যথাসময়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।”
তার দেশে ফেরার সকালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হয়ে ব্যানার–ফেস্টুন ও ফুল দিয়ে তাকে স্বাগত জানান। স্লোগান, অভিনন্দন ও শুভেচ্ছায় বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশত্যাগ করেন জামায়াত আমির। ওমরাহ শেষে তিনি যুক্তরাষ্ট্র সফরে যান এবং প্রবাসীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেন।