
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করেছে বিএনপি। দল ২৩৭টি আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে, তবে ৬৩টি আসনের সিদ্ধান্ত এখনও বাকি রয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রকাশিত প্রার্থীরা চূড়ান্ত নয় এবং প্রয়োজনে যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মির্জা ফখরুল।
মহাসচিব বলেন, “আজ ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হলো। যে আসনে এখনও ঘোষণা করা হয়নি, সেই আসনগুলো আমরা যুগপৎ আন্দোলনে যুক্ত অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করব। একইসঙ্গে এটি আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা।” প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় সাড়ে তিন ঘণ্টা চলা বৈঠকের পরে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রার্থী হন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে লড়বেন।
স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থী হন—কুমিল্লা-১: খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৮: মির্জা আব্বাস, ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২: আবদুল মঈন খান, চট্টগ্রাম-১০: আমীর খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১: সালাহ উদ্দিন আহমদ, সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩: হাফিজ উদ্দিন আহমেদ, দিনাজপুর-৬: এজেডএম জাহিদ হোসেন।
ভাইস চেয়ারম্যানদের মধ্যে আছেন—পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী, নোয়াখালী-৩: বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪: মোহাম্মদ শাহজাহান, ফেনী-৩: আবদুল আউয়াল মিন্টু, মাগুরা-২: নিতাই রায় চৌধুরী, কুমিল্লা-৩: কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, টাঙ্গাইল-৮: আহমেদ আজম খান।
চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন—কুমিল্লা-৬: মনিরুর হক চৌধুরী, ঢাকা-২: আমান উল্লাহ আমান, নোয়াখালী-১: মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৪: জয়নুল আবদিন ফারুক, বরিশাল-১: জহির উদ্দিন স্বপন, বরিশাল-৫: মজিবুর রহমান সারোয়ার, নেত্রকোনা-৪: লুৎফুজ্জামান বাবর, কুড়িগ্রাম-৩: তাজভীর উল ইসলাম, পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব, ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর রহমান, মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা, মানিকগঞ্জ-২: মঈনুল ইসলাম খান, সিলেট-১: খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২: তাহমিনা রশদীর লুনা, লক্ষ্মীপুর-২: আবুল খায়ের ভূঁইয়া, সিলেট-৬: এনামুল হক চৌধুরী, টাঙ্গাইল-২: আবদুস সালাম পিন্টু, ফেনী-২: জয়নাল আবেদীন ভিপি জয়নাল, কিশোরগঞ্জ-৪: ফজলুর রহমান, মৌলভীবাজার-৩: নাসের রহমান।
এর আগে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা—খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা।