চাঁপাইনবাবগঞ্জে অস্বাভাবিক বৃষ্টিপাতে নষ্ট হাজারো বিঘা ফসল

image 17

চাঁপাইনবাবগঞ্জে একদিনে রেকর্ড বর্ষণ, ডুবে গেছে ধানক্ষেত ও বাড়িঘর

চাঁপাইনবাবগঞ্জে টানা রাতভর বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুবে গেছে পাকা ও আধাপাকা আমন ধানসহ নানা ফসল। কৃষি বিভাগ বলছে, গত ১০ বছরে একদিনে এমন বৃষ্টির নজির নেই জেলায়।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সদর উপজেলায় ২৬০ মিলিমিটার। শিবগঞ্জে ১৭৫, গোমস্তাপুরে ১৮০, নাচোলে ১৭৫ এবং ভোলাহাটে ১৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জেলার গড় বৃষ্টিপাত ১৯১ মিলিমিটার।

এতে মাঠের আমন ধান, সরিষা ও নানা শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন, আর কয়েক দিনের মধ্যে ধান কাটার সময় শুরু হতো; তবে শেষ মুহূর্তের বৃষ্টিতে তারা বড় ক্ষতির মুখে পড়লেন। কোথাও কোথাও পুরো ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

সদরের মল্লিকপুরের কৃষক আসাদ উল্লাহ বলেন, “দুই বিঘা জমির ধান পুরো ডুবে গেছে। যেখানে বিঘায় ২০ মণ ধানের আশা ছিল, এখন হয়তো ৫ মণও পাওয়া যাবে না।” আরও এক কৃষক আলমগীর হোসেন জানান, “এ সময়ে এমন বৃষ্টি হবে—কল্পনাও করিনি।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী জানান, জেলায় মোট ৪ হাজার ৪৫৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রোপা আমন, সরিষা, বিভিন্ন সবজি, পেঁয়াজ, মাষকলাই, ভুট্টা ও স্ট্রবেরি ক্ষেত রয়েছে।

এদিকে শহরের প্রশাসন ভবন এলাকা, নিউ মার্কেট, বড় ইন্দারামোড়, স্কুল–ক্লাব রোডসহ বহু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক বাড়িতে পানি ঢুকে পড়ে দুর্ভোগ তৈরি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের দুশ্চিন্তা—দুর্যোগে ছাড়ল না ধান কাটার আগে শেষ সময়টায়।