
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেসের একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিন ও অন্যান্য বগি প্রায় দুই কিলোমিটার চলার পর চালক বিষয়টি টের পান। পরে ট্রেনটি পুশব্যাক করে বিচ্ছিন্ন বগির কাছে ফিরিয়ে আনা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে প্রায় আধাঘণ্টা সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস রৌহা এলাকায় পৌঁছালে বগিগুলোর সংযোগকারী হুক ভেঙে যায়। ফলে পিছনের ‘কোচ নং ক’ বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এসআই গোলাম কিবরিয়া আরও জানান, হুক ঠিক করে পুনরায় বগিটি সংযুক্ত করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঘটনায় কেউ হতাহত হননি।