
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এনসিপি ও কমিশনের পক্ষ থেকে পৃথকভাবে ব্রিফিং দেওয়ার কথা রয়েছে।