চাকসু, হল ও হোস্টেল ইউনিয়ন নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ ২৩ অক্টোবর

image 480

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের গেজেট প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে এই সপ্তাহের মঙ্গলবার, আর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের মেম্বার সেক্রেটারি অধ্যাপক ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী।

রোববার (১৯ অক্টোবর) তিনি জানান, গেজেট প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশনের কাজ প্রায় শেষ হয়ে যাবে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্ভবত বৃহস্পতিবার শপথ গ্রহণের আয়োজন করবে। পরবর্তীতে প্রতিটি হলে তাদের প্রভোস্ট নির্বাচিত হল সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হয়। চাকসুর ভিপি, জিএসসহ ২৬টি পদে ২৪টিতে জয় লাভ করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। চাকসুর ১৪টি হলের ফলাফলের ভিত্তিতে, ভিপি পদে ৭,৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি। জিএস পদে ৮,০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাঈদ বিন হাবিব। এজিএস পদে ৭,০১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।