
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলো নাশকতা কি না, তা তদন্তের আগে বলা সম্ভব নয়। সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি জানান, ‘আগুনের ঘটনায় গতকাল একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনেকগুলো কমিটি গঠন করা হয়েছে, যারা তদন্ত করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পরই আমরা জানতে পারব অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ।’
শাহজালাল বিমানবন্দরসহ সাম্প্রতিক অগ্নিকাণ্ড নাশকতার অংশ কি–এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের আগে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
মো. জাহাঙ্গীর আলম আরও জানান, বিমানবন্দরে ই-পাসপোর্ট ব্যবহারকারীদের জন্য দু-চার দিনের মধ্যে ই-গেট চালু করা হবে এবং ডিসেম্বরের মধ্যে বিদেশের ই-পাসপোর্ট সেবা কার্যকর করা হবে। এছাড়া জাতীয় নির্বাচন পরিচালনায় পুলিশের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই।
উল্লেখ্য, ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবি সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) দাবি করেছে। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি মোহাম্মদ হাতেম এ তথ্য জানান।