
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় এমিরেটসের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়েছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হংকংয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগ (সিএডি)। খবর বিবিসির।
সিএডির এক বিবৃতিতে বলা হয়, সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে সাগরে পড়ে যায়। বোয়িং নির্মিত বিমানটি তুর্কি কার্গো সংস্থা এয়ারঅ্যাক্ট-এর লিভারিতে পরিচালিত হচ্ছিল।
দুর্ঘটনার পর প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটির পেছনের অংশ ভেঙে গেছে এবং সামনের ককপিটের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটির একটি বড় অংশ পানিতে ডুবে ছিল।
পুলিশ জানায়, বিমানটি ছিটকে যাওয়ার সময় বিমানবন্দরের দুই কর্মী যে যানবাহনে ছিলেন, সেটিও পানিতে পড়ে যায়। এতে দুজনের মৃত্যু হয়।
সিএডি জানিয়েছে, বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী যানবাহনসহ নৌযান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। কীভাবে বিমানবন্দরের যানটি সমুদ্রে পড়ে গেল, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ উত্তর দিকের রানওয়েতে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। তবে বাকি দুটি রানওয়ে সচল রয়েছে।