
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর সিস্টেম) নিয়ে আন্দোলনকে ‘সুপরিকল্পিত প্রতারণা’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা ও প্রতিক্রিয়া।
রোববার (১৯ অক্টোবর) নাহিদ ইসলামের দেওয়া ফেসবুক পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়। কেউ কেউ বলছেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে নাহিদ ইসলাম এনসিপিকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন। আবার কেউ মনে করছেন, দীর্ঘদিন জামায়াতের সঙ্গে ‘সুহৃদ সম্পর্ক’ রাখার পর এখন অবস্থান বদল রাজনৈতিক কৌশল হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুতফা নাহিদের পোস্টে মন্তব্য করে লিখেছেন, “আপনারা সবকিছুতেই অনেক দেরি করছেন। আশা করি এটা পরিকল্পিত কোনো কৌশল নয়।”
ছাত্রদল ও অন্যান্য ছাত্রসংগঠনের নেতারাও পোস্টটির নিচে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অভিযোগ—অভ্যুত্থানের পর থেকেই এনসিপি নানা সময়ে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছে এবং তাদের বক্তব্যকে প্রশ্রয় দিয়েছে।
নিজের পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, মৌলিক সংস্কার ও বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরির জন্য তাঁরা একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু জামায়াত ও তাদের সহযোগীরা সেই উদ্যোগকে ছিনতাই করেছে।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়া ও প্রকাশনা সম্পাদক ফজলুল করীম মারুফ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দলটি ২০০৮ সাল থেকেই পিআর পদ্ধতির দাবি জানিয়ে আসছে এবং জুলাই সনদে স্বাক্ষর করেছে বিশৃঙ্খলা এড়ানোর চিন্তা থেকে। তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন কোনো কূটকৌশল করে না। যা করে, তা প্রকাশ্যেই করে।”
নাহিদ ইসলামের পোস্টে এরই মধ্যে হাজারো প্রতিক্রিয়া ও মন্তব্য এসেছে, বিকেল পর্যন্ত পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি বার। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।