
সরকারের সীমাবদ্ধতার মধ্যেও বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত মেনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার। রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণা হওয়ার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত। তিনি আরও উল্লেখ করেন, “আমরা মনে করি শিক্ষক সমাজের আরও বেশি পাওনা রয়েছে। কিন্তু বর্তমান অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। এ জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।”
সিআর আবরার সরকারের এই সিদ্ধান্ত মেনে শিক্ষক সমাজকে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।
এর আগে, অনশনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে প্রদানের বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো। এই আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
তবে শিক্ষকরা এই ৫ শতাংশ হারে বাড়িভাড়া প্রদানের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এবং অনশনসহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।