
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায় নেমেছেন। ‘নো কিংস’ নামে পরিচিত এই আন্দোলন নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত জনস্রোতে রূপ নেয়। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি, লস অ্যাঞ্জেলেসসহ বড় শহরগুলোতে মানুষ রাস্তায় নামে। টাইমস স্কয়ারে হাজারো মানুষ ‘গণতন্ত্র, রাজতন্ত্র নয়’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ পালন করেন।
বিক্ষোভকারীরা দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী পদক্ষেপ দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, অন্তত এক লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন, তবে কোনো গ্রেপ্তার হয়নি।
অন্যদিকে, ট্রাম্পপন্থিরা অভিযোগ করেছেন, বামপন্থি সংগঠন ‘অ্যান্টিফা’ আন্দোলনে জড়িত। ট্রাম্প নিজে এসবকে ‘হেইট আমেরিকা র্যালি’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বিবিসি জানায়, ক্ষমতায় ফেরার পর ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দিয়েছেন, ফেডারেল প্রশাসনের বিভিন্ন দপ্তর ভেঙে দিয়েছেন এবং কিছু অঙ্গরাজ্যে গভর্নরের আপত্তি সত্ত্বেও ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।
সমালোচকেরা মনে করছেন, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গুরুতর হুমকি। তবে ট্রাম্প দাবি করেছেন, তার পদক্ষেপ দেশ পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় এবং তাকে একনায়ক বলা অযৌক্তিক।