রাশিয়ায় বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

image 436

রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের স্টেরলিতামাক শহরে আভান-গার্দ নামের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আঞ্চলিক গভর্নর রাদিয় খাবিরভ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কারখানাটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ জানতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্ত শুরু করেছে। তবে ইউক্রেনের ড্রোন হামলার কারণে বিস্ফোরণ ঘটেছে— এমন দাবি তিনি নাকচ করেছেন।

রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানায়, রাতভর উদ্ধার অভিযান চালিয়ে শনিবার সকালে তা সম্পন্ন করা হয়।

জানা গেছে, আভান-গার্দ কারখানাটি শিল্পবিস্ফোরক তৈরির পাশাপাশি পুরনো গোলাবারুদ ধ্বংসের কাজ করে। ২০২২ সাল থেকে এটি রাশিয়ার রাষ্ট্রীয় শিল্প সংস্থা ‘রোস্টেক’-এর অধীনে পরিচালিত হচ্ছে।