সিইসি বললেন, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাবে না

image 432

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় কনসারভেটিভ পার্টি (এনসিপি) কোনোভাবেই শাপলা প্রতীক পেতে পারে না। আইন ও নীতিমালায় এ প্রতীক বরাদ্দের সুযোগ নেই।

শনিবার (১৮ অক্টোবর) বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “আমরা আগেও বলেছি, আবারও বলছি— এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নয়।”

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নাসির উদ্দিন বলেন, “রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করতে হলে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা দিতে হবে। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।”

আগের নির্বাচনের মতো এবার কোনো পরিস্থিতি পুনরাবৃত্তি হবে না বলেও দাবি করেন সিইসি। তার ভাষায়, “আসছে নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন, আগের চেয়ে অনেক বেশি সুষ্ঠু ও স্বচ্ছ।”

সরকার কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, “যতদিন দলটির বিচার প্রক্রিয়া চলবে, ততদিন পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।”