৭ ঘণ্টা চেষ্টার পর শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

image 433

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিভে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে শিগগিরই তদন্ত কার্যক্রম শুরু হবে। আগুনের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।