সুইডেনে বিশ্বযুদ্ধের ভয়, খাদ্য মজুত ও নিরাপত্তা বৃদ্ধি

image 417

রুশ বাহিনী যদি বর্তমান অগ্রগতির গতিতেই ইউক্রেনে অগ্রসর হয়, তাহলে ২০২৫ বা ২০২৬ সালের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে সুইডেন। এ কারণেই দেশটি আগেভাগেই খাদ্য মজুতের ঘোষণা দিয়েছে।

সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন বোর্ড অব এগ্রিকালচার বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, “বর্তমান বিশ্বরাজনীতির পরিস্থিতি যে কোনো সময় মারাত্মক রূপ নিতে পারে, এমনকি বিশ্বযুদ্ধও শুরু হতে পারে। এজন্য জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্য ও অন্যান্য খাদ্য উপাদান মজুত করা হবে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, সুইডেন সরকার এই প্রকল্পের জন্য ৫ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে দেশব্যাপী নতুন খাদ্য গুদাম তৈরি করা হবে। সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিটি নাগরিক যাতে দৈনিক অন্তত ৩ হাজার ক্যালরি খাবার পেতে পারেন, সেই হিসাব অনুযায়ী খাদ্য মজুত করা হবে। পাশাপাশি, সুইডেনের প্রতিবেশী ফিনল্যান্ডও যুদ্ধকালীন পরিস্থিতিতে নাগরিকদের দৈনন্দিন জীবন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশিক্ষণ শুরু করবে।

এই সংবাদের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের এক কর্মকর্তা রুশ সংবাদমাধ্যম আরটিকে বলেছেন, “পশ্চিমা বিশ্ব সব রুশবিরোধী হিস্টিরিয়ায় ভুগছে। খাদ্য মজুত ও নাগরিক প্রশিক্ষণও সেই হিস্টিরিয়ার অংশ। রাশিয়ার কারণে কেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে?”