
যুক্তরাষ্ট্রের মিশিগানের বাথ টাউনশিপের একটি ক্ষেতে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা তিনজন আরোহী নিহত হয়েছে। স্থানীয় সময় বিকেল প্রায় ৫টার দিকে ক্লার্ক ও পিকক রোড সংযোগস্থলের কাছে এই দুর্ঘটনা ঘটে, যা ল্যানসিং শহর থেকে প্রায় ১৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
বাথ টাউনশিপ পুলিশ এবং ক্লিনটন কাউন্টি জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের ভেতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি; পরিবারের সদস্যদের অবহিত করার পর তা জানানো হবে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) যৌথভাবে দুর্ঘটনার কারণ তদন্ত করছে। সিবিএস নিউজ ডেট্রয়েটের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা ধ্বংসাবশেষ ও ফ্লাইট ডেটা বিশ্লেষণ করছেন, তবে প্রাথমিক কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
ফ্লাইট ট্র্যাকার সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমান সম্ভবত মেক্সিকো-নিবন্ধিত হকার ৮০০এক্সপি (এক্সএ-জেএমআর) ছিল, যা ব্যাটল ক্রিক থেকে উড্ডয়নের পর উচ্চতা হারিয়ে বিধ্বস্ত হয়। তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখনো তথ্যটি নিশ্চিত করেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই তীব্র বিস্ফোরণ ঘটেছে এবং কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “মনে হচ্ছিল সিনেমার দৃশ্য—আগুন আর ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছিল।”
FAA জানিয়েছে, প্রাথমিক তদন্ত প্রতিবেদন কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে। NTSB বিমানের ধরন ও উড্ডয়নপথ নিশ্চিত করে প্রাথমিক সারসংক্ষেপ প্রকাশ করবে।