
বিভিন্ন পক্ষের দাবি ও জুলাই যোদ্ধাদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি জানান, গতকালের জুলাই বীর যোদ্ধাদের সঙ্গে আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে পঞ্চম দফার সংশোধন করা হয়েছে। এতে জুলাই বীর যোদ্ধাদের দাবি প্রতিফলিত করে জরুরি পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্যরা, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
আগের পঞ্চম দফায় বলা ছিল, গণ-অভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পাশাপাশি পরিবার ও আহতদের সহায়তার ব্যবস্থা করা হবে।
সংশোধিত দফায় বলা হয়েছে, গণ-অভ্যুত্থানপূর্ব বাংলাদেশের ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকারদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা হবে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে এবং শহীদ পরিবার ও জুলাই আহত বীর যোদ্ধাদের জন্য মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা, আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, কমিশন এই অঙ্গীকারনামার বাস্তবায়ন বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবে। এ বিষয়ে রাজনৈতিক দল ও কমিশনের মধ্যে কোনো মত পার্থক্য নেই।