১৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন

image 398

দীর্ঘ ১৮ ঘণ্টা টানা প্রচেষ্টার পর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) মেডিকেল সরঞ্জাম তৈরির কারখানা অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডে লাগা ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও অংশ নেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সাততলা ভবনটি প্রায় পুরোপুরি ধসে পড়ে এবং কারখানার সব মালামাল পুড়ে যায়। ভবনের ভেতরের কাঠামো ভেঙে পড়ায় এখন এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, বাইরে কেবল স্টিলের কাঠামো অক্ষত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে ভেতরে থাকা কোনো যন্ত্রপাতি, কাঁচামাল বা প্রস্তুত পণ্য রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে—বেপজার পক্ষ থেকে ৫ সদস্যের এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি কমিটি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

আগুন লাগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে, ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডজিহং মেডিকেল কোম্পানির গুদামে, যেগুলো একই ভবনে অবস্থিত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের সাততলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। রাতে ভবনের ভেতরে একাধিক ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র তাপমাত্রা, দাহ্য পদার্থের আধিক্য ও ভবনের জটিল কাঠামো আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ঘটিয়েছে। যদিও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে আর্থিক ক্ষয়ক্ষতি বিপুল পরিমাণের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।