
বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী: সালাউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি একটি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তিনি আলেম ও উলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনার জন্য মহান আল্লাহর ওপর আস্থা সংযোজন করেছিলেন। কিছু অংশ এখনও বহাল রয়েছে, কিছু অংশ বাতিল। এবার তা সংশোধন করা হবে, ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পটিয়া আল জামিয়া আল ইসলামীয়া (পটিয়া মাদরাসা) পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন আহমদ আরও বলেন, “বাংলাদেশে আলেম ও ইসলামবিদ্বেষী সরকার ছিল আওয়ামী লীগ। সেই ফ্যাসিবাদী গোষ্ঠী কখনো শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে না। আমাদের বহু আলেম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী শহীদ হয়েছেন, বিশেষ করে শাপলা চত্বরে।”
তিনি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক কারণে কেউ যেন সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”
সালাউদ্দিন আহমদ বলেন, “কেউ বলে যে কোনো রাজনৈতিক দল হেরে গেলে ইসলামও হেরে যাবে—এটি ভুল। কোনো রাজনৈতিক দলের পেছনে ইসলাম শব্দ থাকলে তারা ইসলামের মালিক হয়ে যায় না। ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয়।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের সব নাগরিকের ভোটাধিকার ও মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সবাইকে সচেতন থাকতে হবে। আলেম ও উলামাদের সঙ্গে আলোচনা করে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে নীতি ও আইন নির্ধারণে সবাই অংশগ্রহণ করবে।”
এ সময় চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিম মিয়া, পটিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।