
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা। ফলাফল এখন সরাসরি দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ডিজিটাল এলইডি স্ক্রিনে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হয়। নির্ধারিত সময় সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টার দিকে ভোট গণনা শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ মিনারের সামনে স্থাপিত এলইডি স্ক্রিনে শিক্ষার্থীরা ভিড় জমিয়ে ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, “অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। পোলিং অফিসারদের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো খোলা হয়েছে এবং ভোট গণনা যন্ত্রগুলো যাচাই শেষে গণনা শুরু হয়েছে। আশা করছি দ্রুতই আমরা ফলাফল দিতে পারব।”
এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী, যার মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ অন্তর্ভুক্ত। সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ভোটারের মধ্যে ৩৯ দশমিক ১০ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯০ শতাংশ পুরুষ ভোটার।