রাকসু ভোটের আগে রাজশাহীতে বিএনপি-জামায়াতের প্রস্তুতি

image 376

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের দিন ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নির্বাচনী দিনে বিনোদপুর, চারুকলা, মেহেরচন্ডী ও কাজলা এলাকায় তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সোরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের বাম পাশে ক্যাম্পাস প্রাচীরের পাশে টাঙানো সামিয়ানার কাছে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মতি শাহ’র মাজারের পাশে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে, স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিনোদপুর বাজারের ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন। তাদের আরেকটি দল কাজলা ফটকের বিপরীত পাশে অবস্থান করছে। কিছু নেতাকর্মী ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বরই বাগানে রান্নার আয়োজনও করেছেন।

নির্বাচনের সকাল থেকেই উভয় দলের নেতাকর্মীদের মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা গেছে।

এ বিষয়ে মহানগর শিবিরের সাধারণ সম্পাদক ইমরান নাজির জানান, “দীর্ঘ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। এলাকার উৎসুক জনতা আগ্রহে এখানে এসেছেন। আমাদের উদ্দেশ্য এ ছাড়া কিছু নয়।”

বিনোদপুরে অবস্থান নেওয়া মহানগর যুবদলের নেতা আরিফুজ্জামান বলেন, “নির্বাচনের আগ্রহ থেকেই আমরা এখানে এসেছি। পাশেই দেখা যাবে, জামায়াত ও শিবিরের নেতারাও অবস্থান নিয়েছেন।”