
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত ১২টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে হাসপাতালে পৌঁছান ১২টা ২৫ মিনিটে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করার জন্য রাতে তাঁকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ড এসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করবেন।
এর আগে ২৮ আগস্ট রাতে খালেদা জিয়া একই হাসপাতালে কয়েকটি পরীক্ষা করানোর জন্য গিয়েছিলেন এবং রাতেই বাসায় ফিরে আসেন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে টানা ১৭ দিন চিকিৎসা গ্রহণের পর ২৫ জানুয়ারি তিনি তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে আসার পর তিনি নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এর তত্ত্বাবধানে একটি মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসা গ্রহণ করছেন।