
উত্তর কোরিয়া সম্প্রতি তার সর্বাধুনিক ও ‘সবচেয়ে শক্তিশালী’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘হোয়াসং-২০’ উন্মোচন করেছে। গত শুক্রবার (১০ অক্টোবর) পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে এ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।
কুচকাওয়াজে উত্তর কোরিয়া দীর্ঘ পাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ যানসহ অন্যান্য আধুনিক অস্ত্র প্রদর্শন করলেও সবচেয়ে বেশি গুরুত্ব পায় হোয়াসং-২০ আইসিবিএমকে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এটিকে সেনাবাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছে।
কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়া কার্বন ফাইবার দিয়ে তৈরি নতুন সলিড-ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষার ঘোষণা দেয়। তারা দাবি করেছে, এই ইঞ্জিন নতুন প্রজন্মের আইসিবিএমে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এবং ১৯৭১ কিলোনিউটন শক্তি উৎপাদন করতে সক্ষম, যা পূর্বের সব উত্তর কোরীয় রকেট ইঞ্জিনের চেয়ে অনেক শক্তিশালী।
শুক্রবারের কুচকাওয়াজে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ভিয়েতনামের নেতা তো লাম এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভসহ অন্যান্য আন্তর্জাতিক অতিথিরাও উপস্থিত ছিলেন। কেসিএনএ প্রকাশিত ফুটেজে দেখা গেছে, তারা সবাই কিম জং উনের পাশে বসে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।