মাদ্রাসা ক্রিকেট চালুর উদ্যোগের কথা জানালেন বুলবুল

image 160

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হওয়ার পরদিন (মঙ্গলবার) প্রথম সভায় বসে নেয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নবনির্বাচিত ২৫ পরিচালকের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান নির্বাচনের পাশাপাশি গৃহীত হয় এক নতুন উদ্যোগ—মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা।

এদিনের সভা শেষে বিসিবির নতুন সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, বিসিবি এবার স্কুল ও কলেজের পাশাপাশি মাদ্রাসায়ও ক্রিকেটের বিস্তার ঘটাতে চায়।

তিনি বলেন, “মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। সেখান থেকেও যদি কিছু মেধাবী ক্রিকেটার উঠে আসে, সেই সুযোগ তৈরি করতেই আমরা কাজ শুরু করেছি।”

বিসিবি বহু বছর ধরে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এবার সেই উদ্যোগে যুক্ত হচ্ছে মাদ্রাসা ক্রিকেট।

নতুন এই টুর্নামেন্টের ফরম্যাট নিয়েও ধারণা দেন বুলবুল। তিনি বলেন, “এখনও বিস্তারিত আলোচনা হয়নি, তবে আমরা পরিকল্পনা করেছি এবং তা বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে, অর্থাৎ টি-টোয়েন্টি ধরনের প্রতিযোগিতা আয়োজনের চিন্তা করছি।”