সাবেক মন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে দুর্নীতির মামলা, স্ত্রীকে সম্পদের নোটিশ

image 146

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক গণপূর্ত মন্ত্রী রা.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী ও সাবেক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের বিরুদ্ধে সম্পদের নোটিশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলাটি দায়ের করেছেন দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ।

এজাহার থেকে জানা গেছে, সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া তার ও তার নামে থাকা ৬টি ব্যাংকের ৮টি হিসাবের মাধ্যমে মোট ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

অন্যদিকে, তার স্ত্রী ফাহিমা খাতুন জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে দুদক, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে।