
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টা মনে করেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব থেকে সরে যাওয়া যায়—কিন্তু বাস্তবে তা সম্ভব নয়।
তিনি বলেন, দেশের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ ভয় পায় বা পিছু হটতে চায়, তবে তাদের সেই দায়িত্বে থাকার প্রয়োজন নেই। যারা এমন ধারণা পোষণ করেন, তাদের জন্য কোনো নিরাপদ প্রস্থান নেই—বাংলাদেশের মানুষ তাদের যেখানেই খুঁজে পাবে, সেখান থেকে ধরে আনবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) নওগাঁ জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।
তিনি আরও বলেন, এনসিপির শাপলা প্রতীকে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তবুও নির্বাচন কমিশন স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আচরণ না করে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে—যা উদ্বেগজনক।
সারজিস আলমের ভাষায়, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দিতে হবে এবং জনগণের আস্থা বজায় রাখতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটভিত্তিকভাবে অংশ নেবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দলের নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, সাংগঠনিক ভিত্তি মজবুত করতে আগামী নভেম্বরের মধ্যে জেলা, উপজেলা ও অন্যান্য ইউনিট কমিটি ঘোষণা করা হবে।
দেশের স্বার্থে সৎ ও যোগ্য মানুষদের নিয়ে নতুন রাজনৈতিক শক্তি গঠনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন সারজিস আলম। তবে আওয়ামী লীগের যেকোনো ‘অভ্যুত্থান পরবর্তী সংস্করণ’ বা তার অনুরূপ কোনো রূপ বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না এবং এনসিপিও তা মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিন। রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।