কুয়াকাটায় নিখোঁজ ৫ জেলে ৮ দিন পর ফিরে এসেছেন

image 133

পটুয়াখালীর কুয়াকাটা উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফিরলে জেলে পরিবারগুলোতে স্বস্তি ফিরে আসে।

নিখোঁজরা হলেন—মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইয়ুম ও ইউনুস। সবাই ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা।

জেলে মিলন বিশ্বাস জানান, গত ২৮ সেপ্টেম্বর সকালে তারা লাল রঙের একটি ফাইবার বোটে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। হঠাৎ ঝড় শুরু হলে বিশাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি স্রোতে ভেসে সুন্দরবনের গভীরে চলে যায়। এ সময় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা কয়েকদিন সেখানে আটকা পড়েন। দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। পরে ইঞ্জিন মেরামত করে নিরাপদে ফিরে আসেন।

নিখোঁজ হওয়ার পর পরিবার ও স্থানীয়রা ধারণা করেছিলেন, ট্রলারটি নিম্নচাপের প্রভাবে ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে রয়েছে। কয়েকদিন ধরে আশপাশের এলাকায় জেলেরা নৌকা নিয়ে তল্লাশি চালালেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেলেদের ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই। দীর্ঘ আট দিন পর প্রিয়জনদের ফিরে পেয়ে অনেকেই আনন্দে কেঁদে ফেলেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সগির বলেন, “ওই ট্রলারে আমার কিছু দাদনের টাকা ছিল। তাদের নিখোঁজ হওয়ার খবর শুনে খুব চিন্তায় ছিলাম। আল্লাহর রহমতে তারা নিরাপদে ফিরেছে—এটাই সবচেয়ে বড় স্বস্তি।”

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে মহিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বর্তমানে তারা নিরাপদে বাড়ি ফিরেছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়ের তোড়ে তারা ভেসে সুন্দরবন এলাকায় পৌঁছে গিয়েছিলেন।