গাজা যুদ্ধে ১১৫২ ইসরাইলি সেনা নিহত

image 111

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ১১৫২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের মধ্যে ৪০ শতাংশের বেশি ২১ বছরের কম বয়সী। তথ্যটি জানিয়েছে জেরুজালেম পোস্ট।

সোমবার (৬ অক্টোবর) ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে। মন্ত্রণালয়ের মতে, নিহতদের মধ্যে ১৪১ জনের বয়স ৪০-এর বেশি এবং বেশিরভাগই রিজার্ভ সদস্য ও কর্মকর্তা ছিলেন।

মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬,৫০০-এর বেশি পরিবারের সদস্য শোকগ্রস্ত তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১,৯৭৩ জন শোকাহত বাবা-মা, ৩৫১ জন বিধবা, ৮৮৫ জন অনাথ শিশু এবং ৩,৪৮১ জন শোকাহত ভাই-বোন রয়েছেন।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধের সব ফ্রন্ট এবং দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত সকল ইউনিটকে বিবেচনায় নিয়েছে, যার মধ্যে রয়েছে আইডিএফ সেনা, পুলিশ, শিন বেট, বিশেষ অভিযান বাহিনী এবং প্রস্তুতি স্কোয়াডের সদস্যরা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিবার, স্মরণ ও ঐতিহ্য বিভাগের প্রধান উল্লেখ করেছেন, “যুদ্ধের প্রভাব এবং শোকাহত পরিবারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত দুই বছরের যুদ্ধ ২৬ বছরের কাজ ও শেষকৃত্য অনুষ্ঠানের সমান।” তিনি আরও বলেন, “আমরা ৬,৫০০-এর বেশি মানুষকে শোকের পরিধিতে যুক্ত করেছি এবং একদিনে সর্বোচ্চ ৯০টি শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।”