শেখ হাসিনা আসছেন কয়েক সপ্তাহের মধ্যে, এ রকম প্রচার চলছে: রনি

image 96

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান সময়ে আওয়ামী লীগের কার্যক্রম মূলত ঝটিকা মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। তার দাবি, খুব শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আওয়ামী লীগের নেতা-নেত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছেন।

গোলাম মাওলা রনি ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে বলেন, বিএনপি বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার তারিখ নিয়েই ব্যস্ত। অন্যদিকে, জামায়াতে ইসলামী মনে করছে দেশে একটি ইসলামী বিপ্লব হয়েছে।

তিনি আরও বলেন, ‘বিপ্লবের পর যারা নেতৃত্ব দিত, তারা আমাদের কাছে আবাবিল পাখির মতো ছিলেন। যেখানে যেতেন, সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে যেত। ডাক দিলেই রাজুতে হাজার হাজার ছেলে-মেয়ে চলে যেত, অনেকটা হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো। কিন্তু সেই ইতিহাস তিন মাসের বেশি স্থায়ী হয়নি। দুর্নীতি, নিয়োগ বাণিজ্য এবং চাঁদাবাজির কারণে তা বজায় রাখা যায়নি।’

রনি দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা তুলে ধরে জানান, নতুন রাজনৈতিক দলের গঠনের হিড়িক চলছে। একটার পর একটা ‘কিংস পার্টি’ গঠিত হচ্ছে। তারা মনে করছে ক্ষমতায় আসবে বা মন্ত্রী, এমপি হবে। কিন্তু দুই মাসের মধ্যেই দেখা যাচ্ছে, কোনো কিংস পার্টির অস্তিত্ব নেই।

জাতীয় পার্টি সম্পর্কে রনি বলেন, রওশন এরশাদ, জি এম কাদেরসহ নেতারা ভালো জানেন দল বর্তমানে কোন অবস্থায় আছে এবং ভবিষ্যৎ কী হবে।

জামায়াতের রাজনৈতিক অবস্থার প্রসঙ্গে তিনি বলেন, ‘এক বছর ধরে জামায়াতের হুম্বিতম্বি দেখে মনে হচ্ছে বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব হয়েছে। তারা এখনও ঠিক করতে পারছে না, এটা কি ইরানের কায়দায়, আফগানিস্তানের মতো, নাকি সৌদি আরবের মতো শরিয়া আইনে পরিচালিত হবে।’

আওয়ামী লীগের বর্তমান রাজনীতি নিয়ে রনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি দুটো খুচরা দিকেই সীমাবদ্ধ: ঝটিকা মিছিল এবং সামাজিক প্ল্যাটফর্মে প্রচারণা। নেতারা ফেসবুকে সক্রিয় হয়ে দুই-তিনটি আইডি থেকে বারবার প্রচার চালাচ্ছেন—“আমরা আসছি, খুব শিগগির দেখা হবে, আপা আসছেন”—এ ধরনের প্রচার ও প্রপাগান্ডা চলছে।’