
রাজধানীর ধানমন্ডিতে সুধাসদনের পেছনের লেক থেকে ওমর ফারুক (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা লেকে ভাসতে থাকা ওই তরুণকে অচেতন অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে ধানমন্ডি থানা পুলিশ প্রায় পৌনে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহত ওমর ফারুক হাজারীবাগ বউবাজার ট্যানারি মোড় এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান পরিবারের বরাত দিয়ে বলেন, ধানমন্ডি-৫ নম্বর রোডে নায়রী রেস্টুরেন্টের পাশে লেক থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে, ওমর বেকার ছিলেন এবং শুক্রবার দুপুরে তার মায়ের সঙ্গে বিরোধ হয়েছিল। ওইদিন বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বের হন এবং এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবার প্রথমে ভেবেছিল, তিনি কোনো বন্ধুর বাড়িতে আছেন।
এসআই খলিলুর আরও বলেন, ওমর সাঁতার জানতেন না। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।