বিশ্ব শিক্ষক দিবস আজ: শিক্ষার আলো ছড়ানোর অঙ্গীকারে বিশ্বব্যাপী উদযাপন

n0t0n

আজ বিশ্ব শিক্ষক দিবস, সারাবিশ্বের মতো বাংলাদেশেও দিনটি উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে। এবছরের প্রতিপাদ্য— “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”, যা শিক্ষকদের সম্মান, পেশাগত মর্যাদা ও যৌথ দায়িত্বের গুরুত্বকে সামনে নিয়ে এসেছে।

বিশ্ব শিক্ষক দিবসের সূচনা হয় ১৯৯৪ সালে ইউনেস্কোর উদ্যোগে। এর আগের বছর, অর্থাৎ ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সম্মেলনে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর বিশ্বের ১০০টিরও বেশি দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

শিক্ষক কেবল জ্ঞানদানকারী নন, তিনি শিক্ষার্থীর চিন্তাধারা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের দিকনির্দেশক। জাতি গঠনে এবং আলোকিত সমাজ নির্মাণে শিক্ষকরা রাখেন অনন্য ভূমিকা।

বিশেষজ্ঞদের মতে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবস শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, ন্যায্য পারিশ্রমিক নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মকে শিক্ষকতা পেশায় আগ্রহী করে তোলার আহ্বান জানায়।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে র‌্যালি, আলোচনা সভা, সেমিনার ও সম্মাননা অনুষ্ঠান।

বিশ্ব শিক্ষক দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়— এটি শিক্ষকদের প্রতি জাতির শ্রদ্ধা, তাদের অধিকার এবং পেশাগত উন্নয়নের গুরুত্ব পুনরায় স্মরণ করার একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ।