
সাতক্ষীরায় বিদ্যুৎস্পর্শে জামায়াত নেতার মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে আল মামুন গাজী নামের এক জামায়াত নেতা প্রাণ হারিয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে তিনি লোহার গেট বসানোর কাজের সময় দুর্ঘটনায় নিহত হন।
আল মামুন গাজী কেঁড়াগাছি ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে এবং ইউনিয়নের জামায়াতের দায়িত্বশীল সদস্য ছিলেন। পেশায় তিনি ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল মামুন মাওলানা আব্দুল খালেকের বাড়িতে কাজের সময় বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন চালাচ্ছিলেন। হঠাৎ ব্যবহৃত ড্রিল মেশিনে বিদ্যুৎ স্পর্শের সঙ্গে সঙ্গে গেটের ভারী লোহার অংশ তার শরীরে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় আল মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কলারোয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পর্শজনিত দুর্ঘটনা হিসেবে নিশ্চিত করা হয়েছে।