
ওমরাহ সবসময়ই মুসলমানদের জন্য একটি পবিত্র সফর। তবে ভিসা, হোটেল বুকিং ও পরিবহনের ঝামেলায় অনেক সময় ভ্রমণকারীরা বিপাকে পড়েন। কেউ এজেন্টের ওপর নির্ভর করেন, কেউ আবার পর্যটক ভিসা নিয়ে গিয়ে ওমরাহ পালন করেন। কিন্তু সৌদি আরব সম্প্রতি নতুন নিয়ম চালু করেছে, যা পুরো প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করবে।
শুক্রবার (৩ অক্টোবর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন নিয়মে মানতে হবে যেসব শর্ত
১. ভিসার সঙ্গে হোটেল বুকিং বাধ্যতামূলক
ভিসার আবেদন করার সময় অনুমোদিত হোটেল নুসুক অ্যাপ বা মাসার সিস্টেম থেকে বুক করতে হবে।
২. আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি লাগবে
যদি পরিবার বা আত্মীয়ের বাসায় থাকেন, তাহলে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। সফরের সময় পরিবর্তন হলেও সেটি হালনাগাদ করতে হবে।
৩. পর্যটক ভিসায় ওমরাহ নয়
এখন থেকে পর্যটক ভিসায় ওমরাহ করা যাবে না। এমনকি এই ভিসায় মদিনার রিয়াজুল জান্নাতেও প্রবেশ নিষিদ্ধ থাকবে।
৪. ওমরাহ ভিসা বাধ্যতামূলক
ওমরাহ করতে হলে নুসুক প্ল্যাটফর্ম থেকে ডেডিকেটেড ওমরাহ ভিসা নিতে হবে। এটি ই-ভিসা কিংবা অনুমোদিত অপারেটরের প্যাকেজের মাধ্যমেও পাওয়া যাবে।
৫. ভ্রমণসূচি পরিবর্তনযোগ্য নয়
ভিসার সময় জমা দেওয়া ভ্রমণসূচি পরে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানা দিতে হবে।
৬. কিছু দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও শেনজেন ভিসাধারীরা নির্দিষ্ট শর্তে ভিসা অন অ্যারাইভাল পাবেন। শর্ত হলো, আগে অন্তত একবার এসব দেশে ভ্রমণ থাকতে হবে এবং ভিসার মেয়াদ কমপক্ষে এক বছর হতে হবে।
৭. বিমানবন্দরে বুকিং যাচাই
আগমনের পর বিমানবন্দরে কর্তৃপক্ষ নুসুক বা মাসার সিস্টেমে থাকা হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে। কোনো কিছু অনুপস্থিত থাকলে ভ্রমণে বাধা বা জরিমানা হতে পারে।
- শুধু অনুমোদিত পরিবহন ব্যবহার
পথের ধারে ট্যাক্সি বা অননুমোদিত গাড়ি নেওয়া যাবে না। পরিবহন নিতে হবে নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন থেকে।
৯. হারামাইন ট্রেনের সময়সীমা
হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর আর চলে না। তাই দেরি হলে আগে থেকেই বিকল্প অনুমোদিত পরিবহন বুক করতে হবে।
১০. নিয়ম ভাঙলে কড়া জরিমানা
যে কোনো নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে হজযাত্রী ও সংশ্লিষ্ট এজেন্ট উভয়ের ওপরই বড় অঙ্কের জরিমানা আরোপ করা হবে।