
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণে ৫৬ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ২০২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৮ হাজার ২২৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।