
মরক্কোতে কয়েক দিনের জেন-জি বিক্ষোভে অন্তত দুইজন নিহত এবং ৪০০-এর বেশি বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ মরক্কোর একটি পুলিশ স্টেশনে হামলার সময় কর্মকর্তাদের গুলিতে দুইজন মারা যান।
বিক্ষোভের প্রধান দাবি ছিল জনস্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে সংস্কার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চতুর্থ রাতে আগের চেয়ে বেশি সহিংসতা হয়েছে। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন লাগিয়ে এবং দোকানপাট ভাঙচুর করেছে। এতে নিরাপত্তা বাহিনীর ২৬৩ সদস্য এবং ২৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, টিকটক ও ইনস্টাগ্রামের মাধ্যমে “জেন-জেড ২১২” নামে একটি যুব গোষ্ঠী এই বিক্ষোভের আয়োজন করেছে। তারা ২০৩০ সালের বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিলিয়ন বিলিয়ন বিনিয়োগের বিপরীতে স্কুল ও হাসপাতালের তহবিলের অভাব ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ চালাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা মোলোটভ ককটেল ও পাথর নিক্ষেপ করেছে। বিভিন্ন শহরে প্রশাসনিক ভবন, ব্যাংক ও দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে। নিরাপত্তা বাহিনীর ১৪২টি গাড়ি ও ২০টি ব্যক্তিগত গাড়িতেও আগুন লাগানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এবং আল জাজিরার যাচাইকৃত ভিডিওতে ক্ষতিগ্রস্ত এটিএম ও ব্যাংক ভবন লুটপাটের দৃশ্য ধরা পড়েছে। ভাঙা কাচ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।