
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে একযোগে চার সদস্য পদত্যাগ করেছেন। এ নিয়ে মোট পাঁচজন সদস্য পরিষদ থেকে সরে দাঁড়ালেন। ফলে ১৮ সদস্যের পরিষদ এখন কমে দাঁড়িয়েছে ১৩ জনে।
বুধবার পদত্যাগপত্র জমা দেন নাট্য নির্দেশক ও অভিনেতা আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা, লায়েকা বশীর ও র্যাচেল প্যারিস। তাঁদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, কাগজপত্র সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে লেখক ও গবেষক আলতাফ পারভেজ পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন। গত বছরের ১৮ ডিসেম্বর ১৮ সদস্য নিয়ে বর্তমান পরিচালনা পরিষদ গঠিত হয়।
আজাদ আবুল কালাম তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, একাডেমি আইন অনুযায়ী প্রতি তিন মাসে অন্তত একটি সভা হওয়ার কথা থাকলেও গত নয় মাসে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। তিনি লেখেন, “একাডেমি কীভাবে পরিচালিত হচ্ছে সে বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। অথচ পরিষদের সদস্য হিসেবে গৃহীত সিদ্ধান্তগুলোর দায়ভার আমার ওপর বর্তায়। তাই বেআইনি কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে আমি অনিচ্ছুক।”
পদত্যাগ প্রসঙ্গে যোগাযোগ করা হলেও আজাদ আবুল কালাম ও সামিনা লুৎফা কোনো মন্তব্য করেননি।