
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১৩৭ জন, চট্টগ্রামে ৭০ জন, ঢাকার বাইরে ৭৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩ জন, ময়মনসিংহে ২৮ জন, রাজশাহীতে ২৫ জন ও সিলেটে ৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৬১২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৪৪ হাজার ৭৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৩৪২ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৪ শতাংশ নারী।
চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ১৯৮ জন।