আ.লীগের কার্যক্রম যেকোনো সময় সচল হতে পারে: ড. ইউনূস

image 220

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং তাদের নিবন্ধনও বাতিল করা হয়নি। কেবল দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, যা যেকোনো সময় প্রত্যাহার করা হতে পারে।

গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, কার্যক্রম স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ বর্তমানে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। তবে আইনগতভাবে দলটি এখনও বৈধ।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। যেহেতু নির্বাচন আয়োজন কমিশনের কাজ, তাই কোন দল অংশ নিতে পারবে বা পারবে না, সে সিদ্ধান্তও তারাই নেবে।

ড. ইউনূস আরও বলেন, তিনি আওয়ামী লীগের “লাখ লাখ সমর্থক” থাকার দাবি মানেন না, তবে দলটির সমর্থক রয়েছে। এসব সমর্থক সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন, কিন্তু ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও, কার্যত তারা সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বরং তারা মানুষ হত্যা করেছে এবং নিজেদের কর্মকাণ্ডের দায় এড়িয়ে সবসময় অন্যদের ওপর দোষ চাপিয়েছে।