দক্ষ জনশক্তি তৈরির পরিকল্পনা নেই, যারা করবে তাদের সন্তানরাই দেশে পড়ে না: জামায়াত আমির

image 195 edited

জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধা ও সময়ের অপচয় হচ্ছে, তাই এ ভাঙা ব্যবস্থা টিকে থাকতে পারে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “দক্ষ মানুষ তৈরি করার কোনো কার্যকর পরিকল্পনা এখনকার কারও মধ্যে নেই। যারা পরিকল্পনা করার অবস্থানে আছেন, তাদের সন্তানরাই দেশে পড়াশোনা করে না। ফলে জাতির প্রতি তাদের কোনো দরদ নেই।”

চাকরির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার সমালোচনা করে তিনি প্রশ্ন রাখেন, “যদি সবাই শুধু চাকরিজীবী হতে চায়, তাহলে চাকরি দেবে কে? আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে। ব্যর্থতার ইতিহাস থেকে সফলতার নতুন ইতিহাস গড়তে হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই ঘুণে ধরা বাংলাদেশকে বদলাতে। পাঁচ বছরে হয়তো উন্নয়নের বুলেট ট্রেন চালাতে পারবো না, তবে অন্তত এক্সপ্রেস ট্রেন গতিতে দেশকে এগিয়ে নিতে সক্ষম হবো।”