পানি সরবরাহ লাইন ফেটে লন্ডনে আকস্মিক বন্যা

web 3 3

যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রস্থল মেরিলেবোন এলাকায় পানি সরবরাহ লাইন ফেটে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আকস্মিক এ ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস’ কোর্ট।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। কয়েক হাজার গ্যালন পানি মুহূর্তেই রাস্তায় ছড়িয়ে পড়ে, ফলে পুরো এলাকা প্লাবিত হয়। খবর বিবিসির।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পানির তীব্র স্রোতে অনেক ভবনের নিচতলার জানালা ভেঙে যায়, কেউ কেউ সাঁতরে নিরাপদ স্থানে আশ্রয় নেন। জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা প্রায় ১৪ জনকে বেসমেন্ট ও নিচতলা থেকে উদ্ধার করে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, ঘটনাস্থলে আটটি ফায়ার ইঞ্জিন ও প্রায় ৬০ জন কর্মী উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে। এনফোর্ড স্ট্রিটের আশপাশ ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার জন্য।

দীর্ঘদিন ধরে ওই এলাকায় রেস্টুরেন্ট চালানো ব্যবসায়ী আজিজ আলি বলেন,
“প্রথমে পানি বেসমেন্টে ঢোকে, পরে দ্রুত ওপরতলায় ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটেই পুরো এলাকা সমুদ্রের মতো হয়ে যায়। মনে হচ্ছিল যেন যুদ্ধক্ষেত্রে আছি—মানুষ দিশেহারা হয়ে দৌড়াচ্ছিল।”

বন্যার কারণে আদালতের কার্যক্রমও ব্যাহত হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার শুনানি স্থগিত করা হয়েছে এবং আইনজীবী ও বিচারপ্রার্থীরা বাইরে অপেক্ষা করেছেন নতুন সময়সূচির জন্য। এ ছাড়া ‘ডু নট ক্রস’ টেপ টানিয়ে পুরো এলাকা জনশূন্য ঘোষণা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় ঘরবাড়ি ও ব্যক্তিগত সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা আপাতত নিরাপদ আশ্রয়ে থাকলেও স্বাভাবিক জীবনে ফেরার অনিশ্চয়তা কাটছে না।