সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

image 167

মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুসলিম উম্মাহর পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শূন্যতার কথা উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, শায়খ আব্দুল আজিজ মুসলিম উম্মাহর অভিভাবক, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ছিলেন। ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রদত্ত ফতোয়া সৌদি আরবের বিচার ব্যবস্থার বিভিন্ন আইনি, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মরহুমের কর্মময় জীবনের কথা স্মরণ করে জামায়াতের আমীর বলেন, শায়খ আব্দুল আজিজ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর পবিত্র হজের খুতবা প্রদান করেছেন, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরা থেকে প্রদত্ত দীর্ঘতম সময়ব্যাপী খুতবার রেকর্ড। তিনি আরও বলেন, “তিনি মুসলিম উম্মাহর জন্য অমূল্য খেদমত রেখে গেছেন। তাঁর ইন্তিকালে উম্মাহ একজন প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল।”

শোকবার্তায় ডা. শফিকুর রহমান মরহুমের মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নিজের পক্ষ থেকে শায়খ আব্দুল আজিজের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং সৌদি আরবের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।