
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তবে বিদেশে পালিয়েও তাদের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে নিউইয়র্কে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর হামলার ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি এসব কথা লিখেন।
হান্নান মাসউদ বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক আখতার হোসেন ভাইয়ের ওপর হামলা প্রমাণ করে এই দল দেউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। জাতীয় নেতাদের দ্রুত নিরাপত্তা দেওয়া জরুরি। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “লীগের প্রতি সুশীলতা ও মায়া দেখানো বন্ধ করতে হবে। এই পতিত স্বৈরাচারী দল সুযোগ পেলেই দেশে আবার গুম, খুন, রাহাজানি ও সন্ত্রাস চালাবে—সেটি আবারও প্রমাণিত হলো। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, সর্বাবস্থায় এবং সর্বত্র।”
এ ছাড়া যারা আওয়ামী লীগের হয়ে সাফাই গায়, তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।