ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

image 153

পাবনার বেড়া পৌর এলাকায় নদীর ঘাট দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ শেষে স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, হুরা সাগর নদীর বৃশালিখা ঘাট দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ছিল। তবে গত ৫ আগস্টের পর থেকে স্থানীয় বিএনপির একটি অংশকে সঙ্গে নিয়ে তারা নিয়ন্ত্রণ বজায় রাখে।

পরে বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে দলটির আরেকটি অংশ ঘাটের দখল নিতে চেষ্টা চালায়। এর জেরেই সোমবার দুপুরে সংঘর্ষ বাঁধে এবং উভয় পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়ে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির জানান, “চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির মধ্যে এ সংঘর্ষ হয়েছে। চাঁদাবাজি কারা করছে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”

বেড়া মডেল থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, “দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষই এতে জড়িত। আমরা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো যাবে।”