
পরিবহন শ্রমিক রাশেদুল জানান, রাজশাহী–ঢাকা ও ঢাকা–রাজশাহী রুটে চলাচলকারী একটি বাসে চালককে ১ হাজার ৩০০ টাকা, সুপারভাইজারকে ৫৭০ টাকা এবং চালকের সহকারীকে ৫২০ টাকা করে দেন পরিবহন মালিকরা। তবে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানালেও কোনো সাড়া পাননি শ্রমিকরা। চালকের বেতন ২ হাজার টাকা এবং সুপারভাইজার ও সহকারীর বেতন ৫০০ টাকা বাড়ানোর দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা ঢাকাগামী সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন।
এতে নাটোরের বিভিন্ন বাস কাউন্টার বন্ধ হয়ে যায় এবং ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ভোগান্তি থাকলেও যাত্রীরা বলছেন, শ্রমিকদের দাবি যথার্থ।
যাত্রী শামীম আহমেদ বলেন, “জরুরি কাজে ঢাকায় যেতে হবে। ছোট ভাইকে নিয়ে বাসস্ট্যান্ডে বসে আছি, কিন্তু কী করবো বুঝতে পারছি না।”
আরেক যাত্রী মানিক জানান, বাস বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন তিনি। তবে শ্রমিকদের দাবিকে তিনি সঠিক মনে করেন।
এ বিষয়ে নাটোরের কোনো বাস কাউন্টার কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি।